শিরোনাম

দেশের যেসব স্থানে বাড়বে তাপমাত্রা

সিটিজেন ডেস্ক
দেশের যেসব স্থানে বাড়বে তাপমাত্রা
ছবি: সিটিজেন জার্নাল

রাজধানী ও আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়ার প্রভাবে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে,রাজধানী ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে গরমের অনুভূতি বাড়বে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

/এসবি/