শিরোনাম

কমিটি গঠনের দাবিতে বরিশালে ছাত্রদলের সড়ক অবরোধ

বরিশাল সংবাদদাতা
কমিটি গঠনের দাবিতে বরিশালে ছাত্রদলের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে আজ দুপুরে বরিশাল সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি জেলখানা মোড় ঘুরে সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলা সোয়া ১১টার দিকে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে দুপুর ১২টার দিকে তারা সড়ক ছেড়ে যান।

সমাবেশে বক্তারা বলেন, বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। আট বছর ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে এবং নতুন নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সেখানে অছাত্র ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা না থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে। ত্যাগী ও প্রকৃত ছাত্রদের নিয়েই কমিটি গঠন করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জুবায়ের, বরিশাল কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. আল আমিনসহ বিভিন্ন ওয়ার্ড ও কলেজ শাখার নেতাকর্মীরা।

পরে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

/এসআর/