শিরোনাম

দুর্বৃত্তের কবলে পড়া বিদেশি পর্যটক পরিবারকে উদ্ধার করলো কোস্টগার্ড

টেকনাফ সংবাদদাতা
দুর্বৃত্তের কবলে পড়া বিদেশি পর্যটক পরিবারকে উদ্ধার করলো কোস্টগার্ড
নিউজিল্যান্ডের পর্যটক পরিবার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হওয়া নিউজিল্যান্ডের পর্যটক পরিবারকে অভিযানে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি পরিবারের চার সদস্যকে নিয়ে বিশ্বভ্রমণের অংশ হিসেবে ২০২৪ সালে বাংলাদেশে আসেন। পরে একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে ভ্রমণের উদ্যোগ নেন। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এ ধরনের যাত্রা থেকে বিরত থাকতে পরামর্শ দেয় এবং গত ১ মার্চ প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

একই সঙ্গে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টিও উঠে আসে।

এসব নির্দেশনা উপেক্ষা করে পর্যটক পরিবারটি সোনাদিয়া চরে অবস্থান করছিল। এ অবস্থায় গত বুধবার (৮ এপ্রিল) রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর হামলা চালায়।

খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পর্যটকদের উদ্ধার করে। পাশাপাশি তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। হামলার সময় দুষ্কৃতিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদে রাখা হয়েছে। তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। উদ্ধারের পর পর্যটক জন এডওয়ার্ড পাডনি কোস্ট গার্ডের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

/টিই/