শিরোনাম

যে কারণে ইউরোপীয় মিত্রদের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
যে কারণে ইউরোপীয় মিত্রদের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দিনের মধ্যে যুদ্ধজাহাজ বা অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েনের জন্য ইউরোপীয় মিত্রদের প্রতি কঠোর আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জার্মানির সাময়িকী ডার স্পিগেল বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প এ দাবি উত্থাপন করেন। বৈঠক শেষে রুটে ইউরোপীয় দেশগুলোকে জানান, ওয়াশিংটন এখন আর কেবল অস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি শুনতে চায় না, বরং আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট অঙ্গীকার আশা করছে। ইউরোপীয় কূটনীতিকরা এ দাবিকে একটি চরমপত্র হিসেবে অভিহিত করেছেন। তবে এটি ন্যাটোর কোনো আনুষ্ঠানিক মিশন হবে নাকি বিভিন্ন দেশের সমন্বিত মোতায়েন হবে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জার্মানি ও অন্যান্য প্রধান ইউরোপীয় মিত্ররা হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠাতে এখন পর্যন্ত অনীহা প্রকাশ করে আসছে। তাদের অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের সঙ্গে কোনো পরামর্শ করেনি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এ সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো স্পষ্ট কৌশল নেই বলে সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবং আন্তর্জাতিক ম্যান্ডেট ও জার্মান পার্লামেন্টের অনুমোদন পেলেই তার দেশ এ প্রণালির নিরাপত্তায় সহযোগিতা করতে পারে।

মিত্রদের এমন অবস্থানে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন ন্যাটোকে পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিটও সুর মিলিয়েছেন ট্রাম্পের সঙ্গে। তিনি বলেছেন, ন্যাটো একটি পরীক্ষায় পড়েছিল এবং তাতে ব্যর্থ হয়েছে। মার্কিন জনগণের অর্থে যাদের প্রতিরক্ষা নিশ্চিত হয়, সংকটের সময় সেই ন্যাটোই আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/