শিরোনাম

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো হবে না: ইরান

সিটিজেন ডেস্ক
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো হবে না: ইরান
ইরানের পরমাণু শক্তি সংস্থা নাতাঞ্জে উন্মোচিত উন্নত সেন্ট্রিফিউজ। ছবি: এএফপি

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো হবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। বুধবার (৮ এপ্রিল) তিনি এ ঘোষণা দেন বলে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) এক প্রতিবেদন জানানো হয়েছে।

এসলামি বলেন, শত্রুরা কোনোভাবেই ইরানের পারমাণবিক কর্মসূচি বা সমৃদ্ধকরণ কার্যক্রমকে সীমিত করতে সফল হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তেহরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরই ইরানের এই কড়া প্রতিক্রিয়া সামনে এলো। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প ও হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, ইরানকে তাদের কাছে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র ইরানিদের সঙ্গে মিলেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ওই সমৃদ্ধ ইউরেনিয়াম খনন করে বের করবে যা কার্যত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার একটি প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে।

ওয়াশিংটনের এ চরম আলটিমেটামের মুখেও পিছু না হটে নিজের দেশের পারমাণবিক কর্মসূচিতে অটল থাকার কথা বলেছেন মোহাম্মদ এসলামি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/