শিরোনাম

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের লিফলেট বিতরণ
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সিটিজেন জার্নাল

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে জনসচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি'র (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ ১১ দলীয় জোটের আরও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে জনসচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সিটিজেন জার্নাল
গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে জনসচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সিটিজেন জার্নাল

উদ্বোধনের আগে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমাদেরকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের রায় বাস্তবায়নের জন্য আমরা আবারও তাদের কাছে ফিরে এসেছি। বিলম্ব না করে গণভোটের রায় আপনারা (সরকার) বাস্তবায়ন করেন।

এই সময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতির আকাঙ্ক্ষাকে আপনারা পূরণ করুন। জনগণের বিপক্ষে অবস্থান করবেন না। কিন্তু, আপনারা ফ্যাসিবাদের পথের দিকেই হাঁটছেন। জাতির মুখোমুখি হবেন না। জন আকাঙ্ক্ষার বিপরীতে যাবেন না। সময় থাকতে ফিরে আসুন।

ড. হামিদুর রহমান আযাদ জানান, ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলবে। তিনি অভিযোগ করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

সরকারের উদ্দেশে জোটের নেতারা বলেন, গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন না হলে তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

/এসএ/