শিরোনাম

৪০ দিন পর আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়

সিটিজেন ডেস্ক
৪০ দিন পর আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
খুলে দেওয়া হয়েছে আল আকসা মসজিদ। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের কারণে ৪০ দিন বন্ধ ছিল আল-আকসা মসজিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের ফটক খুলে দেওয়া হয়। এ সময় শত শত ফিলিস্তিনি মুসল্লি ভেতরে প্রবেশ করেন।

দীর্ঘদিন পর জামাতে নামাজ আদায় করতে পেরে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে কান্নায় ভেঙে পড়েন এবং মসজিদের আঙিনায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান।

গেল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলার জেরে আল-আকসা মসজিদ সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরাইল। এ সময় শুধুমাত্র ওয়াকফ কর্তৃপক্ষের সীমিত কর্মীদের প্রবেশের অনুমতি ছিল, বাকিরা অন্য মসজিদে নামাজ আদায় করতে বাধ্য হন। এ বছর ঈদুল ফিতরের নামাজও আল-আকসা মসজিদে পড়তে দেয়া হয়নি।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে। একই সময়ে ইসরাইল খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হলি সেপালকারও বন্ধ করে দেয়।

পবিত্র আল-আকসা মসজিদের পুনর্মুক্তকরণ ফিলিস্তিনিদের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

/টিই/