শিরোনাম

ঢাকা মহানগরীকে বসবাসযোগ্য করতে চাই: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরীকে বসবাসযোগ্য করতে চাই: ডিএসসিসি প্রশাসক
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীকে সুন্দর এবং বসবাসযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। শনিবার (২৫ এপ্রিল) ধানমন্ডি লেকসহ মহানগরের ১৫ নং ওয়ার্ড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা মহানগরকে আমরা সুন্দর এবং বসবাসযোগ্য করতে চাই। এর জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে।’

আব্দুস সালাম বলেন, ‘সিটি কর্পোরেশন পরিষ্কার-পরিচ্ছন্ন করবে, কিন্তু জনগণ যদি আবারও ময়লা করে ফেলে, তাহলে ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে না। এজন্য বলতে চাই, জনগণও তাদের দায়িত্ব পালন করতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না, নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তাহলেই ঢাকা শহর আমরা পরিষ্কার রাখতে সক্ষম হবো।’

তিনি আরও বলেন, ‘ধানমন্ডি লেকের পরিবেশ নষ্ট এবং ক্ষুণ্ন হোক, সেটা আমরা কোনোভাবেই চাই না। এখানে সুন্দর একটা পরিবেশ আমরা বজায় রাখতে চাই।’

হকারদের ফুটপাত দখল প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমরা দুই-একদিনের মধ্যে তাদের জন্য বিকল্প জায়গা ঘোষণা দেবো। এরপরে তার যেন আবারও ফুটপাত দখল করতে না পারে, সেজন্য সিটি কর্পোরেশন এবং পুলিশসহ অভিযান চালানো হবে।’

কুকুরের টিকাদানের বিষয়ে তিনি বলেন, ‘কুকুরের উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা ইতোমধ্যে অ্যাকশন নিয়েছি। আমরা কুকুরদের টিকা দেওয়ার ব্যবস্থা করছি। আমরা আশা করি অতিদ্রুত এটির সমাধান হবে।’

মশক নিধন অভিযান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘ঢাকা মহানগরকে মশক এবং বর্জ্য থেকে বাঁচানোর জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। সিটি কর্পোরেশনকে ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান আরও জোরালো করতে হবে। একই সঙ্গে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে।’

/এফআর/