শিরোনাম

জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে একটি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের কাছে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা একটি চুক্তি। জনগণ সরকারের নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তাই নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।

তিনি বলেন, বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অগ্রযাত্রা প্রমাণ করে, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি সরকার সব সময় একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে চেয়েছে। ভবিষ্যতেও সেই লক্ষ্য নিয়েই কাজ করা হবে।

তারেক রহমান বলেন, বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শুধু একটি ভবন নির্মাণের কাজ নয়। এটি প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব গঠন এবং মানবসম্পদ উন্নয়নের দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, বিয়াম দীর্ঘদিন ধরে প্রশাসনিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজ যে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে, তা ভবিষ্যতের প্রশাসনিক নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তার মতে, এই ভবন শুধু একটি অবকাঠামো নয়; এটি জ্ঞানচর্চা, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। দক্ষ মানবসম্পদ তৈরি বিয়ামের অন্যতম প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

/এসএ/