শিরোনাম

শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতির আসল ঘটনা কী

রাজশাহী সংবাদদাতা
শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতির আসল ঘটনা কী
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরের এক কলেজে নারী প্রদর্শক (ডেমোনস্ট্রেটর) ও স্থানীয় কিছু বিএনপি নেতার মধ্যে হাতাহাতি-হট্টগোলের ঘটনা ঘটেছে। এর জেরে ইউনিয়ন বিএনপির এক সহ-সভাপতিকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু এর নেপথ্যে আসল ঘটনা কী?

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে নারী প্রদর্শক (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরা ও ইউনিয়ন বিএনপির কর্মী শাহাদ আলীর বাকবিতণ্ডা বড় পরিসরে দেখা যায়।

জানা গেছে, পরীক্ষা চলাকালে কলেজ ক্যাম্পাস ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। এসময় সেখানে ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা আসেন। বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে তারা কলেজ মাঠে গাড়ি পার্কিংয়ের পাশাপাশি কিছু টাকাও দাবি করেন । একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তারা অফিসকক্ষে হামলা ও ভাঙচুর চালান।

অধ্যক্ষের কক্ষে উত্তপ্ত পরিস্থিতির ধারাবাহিকতায় বিএনপি কর্মী শাহাদ আলীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নারী প্রদর্শক আলেয়া খাতুন । তিনি মোবাইল ফোনের ক্যামেরা চালু করে ভিডিও রেকর্ড করার পাশাপাশি চড় মারতে যান। এদিকে শাহাদ আলী তার পায়ের স্যান্ডেল খুলে তাকে আঘাত করতে থাকেন। অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা তাদের থামানোর চেষ্টা করলে তারাও হামলার শিকার হন। সেখানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর কলেজ ক্যাম্পাসের মাঠে ইউনিয়ন বিএনপি নেতা আকবর আলীর ওপরও চড়াও হন আলেয়া খাতুন হীরা।

অভিযুক্ত বিএনপি কর্মী শাহাদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজের প্রর্দশক আলেয়া জনসমক্ষে প্রথমে আমার গায়ে হাত তুলেছেন।

আলেয়া খাতুন হীরা বলেন, পুকুরের টাকা নিয়ে তারা কলেজের অধ্যক্ষকে মারধর করছিল। প্রতিবাদ করায় আমাকে প্রকাশ্যে জুতা দিয়ে আঘাত করা হয়েছে। কয়েকজন শিক্ষকও এ ঘটনায় আহত হয়েছেন।

আহত শিক্ষকেরা অভিযোগ করেন, আকবর আলীসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩০-৪০ জন নেতাকর্মী এ হামলায় অংশ নেন। তাদের মধ্যে আফাজ আলী, শাহাদ আলী, জয়নাল আলী, এজদার আলী, রুস্তম আলী ও জামিনুর ইসলাম জয় ছিলেন।

শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ করায় উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আকবর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বের দুর্নীতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। শিক্ষকদের পক্ষ থেকেই আগে হামলা করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন গ্রুপ চাঁদা দাবি করে আসছে। কোনো পক্ষকে প্রশ্রয় না দেওয়ায় এ হামলার শিকার হতে হয়েছে।

/এফসি/