শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় পুলিশসহ নিহত ১২

সিটিজেন ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় পুলিশসহ নিহত ১২
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি উপেক্ষা করে দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে শুক্রবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ৮ জন নিহত হন, যাদের মধ্যে ৩ জন ছিলেন সাধারণ পথচারী। এছাড়া গাজা সিটিতে পৃথক এক হামলায় দুজন পুলিশ কর্মকর্তা এবং উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় আরও দুজন ফিলিস্তিনি প্রাণ হারান।

হামলার ঘটনায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের জোরালো আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বেসামরিক এলাকায় নিরাপত্তা বজায় রাখতে নিয়োজিত পুলিশ বাহিনীর ওপর দখলদার ইসরায়েলের এ হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। খান ইউনিসে পুলিশ সদস্যরা যখন একটি অভ্যন্তরীণ সংঘর্ষ থামাতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই তাদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলাটি চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ সদস্যদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা দখলদার শক্তির সঙ্গে পরোক্ষ সহযোগিতারই নামান্তর, যা তাদের পরবর্তী অপরাধ সংঘটনে উৎসাহিত করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গাজার পুলিশ বাহিনী জনগণের দৈনন্দিন জীবনের নানা পরিষেবা নিশ্চিত করতে কাজ করে এবং তাদের লক্ষ্যবস্তু করার কোনো আইনি বৈধতা নেই। অভিযোগ করা হয়েছে, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার পুলিশ সদস্যদের হত্যা করছে এবং একই সঙ্গে দখলকৃত অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অপরাধী চক্রগুলোর সঙ্গে আঁতাত করছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এ আগ্রাসনে ত্রাণবাহী গাড়িবহর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিয়মিত লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে গাজায় ত্রাণ লুটপাটের ঘটনা যেমন বেড়েছে, তেমনি অঞ্চলটির মানবিক সংকট ও খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/