শিরোনাম

এনসিপির মাধ্যমেই বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে: ইসহাক সরকার

নিজস্ব প্রতিবেদক
এনসিপির মাধ্যমেই বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে: ইসহাক সরকার
যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা, সহকর্মীকে হারিয়েছি। আমি মনে করি, এনসিপির মাধ্যমেই বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইসহাক সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের মধ্য দিয়ে যাদের আমরা দেখেছি, ফ্যাসিবাদের পতন ঘটাতে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের মূল্যের বিনিময়ে ৩৬শে জুলাই একটি ঐতিহাসিক গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেদিন ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম।

তিনি বলেন, যদিও আমি বক্তা নই, আমি একজন বিপ্লবী। শাসকগোষ্ঠীর বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ওপর নিপীড়ন চালানো হয়েছে। জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। আমি দীর্ঘ প্রায় ১০ বছর বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা, সহকর্মীকে হারিয়েছি।

ইসহাক সরকার বলেন, আমি যে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আজ দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা থেকে সরে গেছে। হয়ত তারা ভুলে গেছে ১৪০০ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এ দেশে কেউ টিকে থাকতে পারবে না। এই ছাত্রজনতাকে আর দমানো যাবে না। এখনো সময় আছে, আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়।

/এসবি/