শিরোনাম

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

সিটিজেন ডেস্ক
অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা
ছবি: সংগৃহীত

সৌদি আরবে দর্শনার্থী বা ভিজিট ভিসাধারী অবৈধ হজযাত্রীদের পরিবহন সুবিধা কিংবা আশ্রয়ের ব্যবস্থা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ এক লাখ রিয়াল (প্রায় ৩২ লাখ ৭০ হাজার ৫৯৯ টাকা) জরিমানা গুনতে হবে। শুক্রবার (২৪ এপ্রিল) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত ঘোষণায় এ কড়া হুঁশিয়ারি দেয়।

মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, যারা এসব অবৈধ হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য যেকোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন, তাদের ওপর এ জরিমানা আরোপ করা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মক্কা বা অন্যান্য পবিত্র স্থানে কাউকে লুকিয়ে রাখতে সহায়তা করলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানার আওতায় পড়তে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত পুরো হজ মৌসুম জুড়ে কঠোর এ নিয়ম বলবৎ থাকবে। মূলত হজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ, যা পালনের জন্য প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম সৌদি আরবে সমবেত হন। এ প্রক্রিয়াকে সুশৃঙ্খল করতে বেশ কয়েক বছর আগেই হজযাত্রীদের জন্য পৃথক হজভিসা চালু করেছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হয়েছে, হজভিসা ব্যতীত দর্শনার্থী বা অন্য কোনো ভিসায় হজ পালন সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে।

তা সত্ত্বেও অনেক বিদেশি নাগরিক নিয়ম অমান্য করে ভিজিট ভিসায় হজের চেষ্টা করেন। যার ফলে প্রতি বছরই শত শত অবৈধ হজযাত্রীকে নিজ দেশে ফেরত পাঠাতে বাধ্য হয় সৌদি কর্তৃপক্ষ। এ সমস্যার স্থায়ী সমাধানে এবার নাগরিকদের সহযোগিতাও কামনা করেছে দেশটির সরকার। শুক্রবার জারি করা ওই আদেশে বলা হয়েছে, কোনো নাগরিক বা বাসিন্দা যদি অবৈধ হজযাত্রীদের আবাসন বা লুকিয়ে থাকার বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে তা যেন অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/