শিরোনাম

আমাদের ওসির রুমে আটকে জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা করেছে: জুমা

সিটিজেন ডেস্ক
আমাদের ওসির রুমে আটকে জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা করেছে: জুমা
ফাতেমা তাসনিম জুমা। ছবি: সংগৃহীত

আমাদের ওসির কক্ষে জোরপূর্বক আটকে রেখে ছাত্রদলের নেতাকর্মীরা জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে আহত ডাকসু নেতাদের চিকিৎসার খোঁজ নিতে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

ঘটনার বিবরণে জুমা জানান, তাদের হল সংসদের এক সদস্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে সেখানে তার ওপর আকস্মিক হামলা হয়। কোনোমতে সেখান থেকে পালিয়ে তিনি ডাকসুতে আসেন। তিনি জানান, আরো ৩ জন শিক্ষার্থী থানায় আটকে আছেন এবং বাইরে শত শত ছাত্রদল কর্মী তাদের ঘিরে রেখেছে। এ খবর পেয়ে ডাকসু নেতারা থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু থানা থেকে আশানুরূপ কোনো সাড়া না পাওয়ায় ডাকসুর প্রতিনিধিরা নিজেরাই ঘটনাস্থলে গিয়ে আটকদের ছাড়িয়ে আনার সিদ্ধান্ত নেন।

ডাকসুর এ নেত্রী আরও জানান, তারা যখন পরিস্থিতি স্বাভাবিক রেখে কোনো ধরনের উচ্চবাচ্য ছাড়াই থানায় প্রবেশ করছিলেন, ঠিক তখনই জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। হামলাকারীরা তাদের মারধর করতে করতে একপাশে সরিয়ে নিয়ে যায়। একই সময়ে অন্যান্য ডাকসু নেতাদের জোরপূর্বক ওসির রুমে আটকে রাখা হয় এবং বারবার চেষ্টা করা সত্ত্বেও তাদের রুম থেকে বাইরে বের হতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

/এমএকে/