শিরোনাম

আলিয়ার এআই ছবি ব্যবহারের অভিযোগ পাকিস্তানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক
আলিয়ার এআই ছবি ব্যবহারের অভিযোগ পাকিস্তানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বিনা অনুমতিতে ছবি অথবা কণ্ঠ ব্যবহারের বিষয়ে কঠোর হচ্ছে বলিউড তারকারা। অনেকেই আইনি ব্যবস্থা নিচ্ছেন। সম্প্রতি বলিউড অভিনেতা অনিল কাপুর বিনা অনুমতিতে তার কণ্ঠ ব্যবহার করা যাবে না মর্মে আদালতের দারস্থ হয়েছেন। এছাড়া অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন তারকা ইতিপূর্বে ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় আদালত পর্যন্ত গেছেন। এবার আলিয়া আলিয়া ভাটের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে পাকিস্তানের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আলিয়া ভাটের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন লুকে নিজেদের ব্র্যান্ডের পোশাক বসিয়ে প্রচার চালাচ্ছে সংস্থাটি। বিষয়টি সামাজিকমাধ্যমে প্রকাশ পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।

পাকিস্তানের ওই পোশাক ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আলিয়ার একাধিক ছবি দেখা গেছে। সেখানে অভিনেত্রীকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে দেখা গেছে। তবে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় সেগুলো এআই দিয়ে তৈরি।

অভিনেত্রীর লরিয়েল প্যারিস র‌্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং ডিজাইনার সব্যসাচীর ফটোশুটের ছবিগুলোকে বিকৃত করা হয়েছে। সেগুলো নিজেদের ব্র্যান্ডের পোশাকে যুক্ত করেছে ওই প্রতিষ্ঠান। বিজ্ঞাপনের ক্যাপশনে দাবি করা হয়েছে, আলিয়া ভাট নিজেও এ পোশাকগুলো দেখলে পছন্দ করবেন।

তবে সামাজিক মাধ্যমের নেটিজেনরা আলিয়ার এ বিষয়টিকে প্রতারণা ও নিম্নমানের মার্কেটিং হিসেবে অভিহিত করেছেন। অনেক ভক্ত-অনুরাগী আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সূত্র: এমএসএন, বলিউড হাঙ্গামা

/জেএইচ/