শিরোনাম

দুই মাস পর প্রধান বিমানবন্দর খুললো ইরান

সিটিজেন ডেস্ক
দুই মাস পর প্রধান বিমানবন্দর খুললো ইরান
ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েটিং হলের ভেতরের দৃশ্য। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের জেরে দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুলে দিয়েছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানী তেহরানে অবস্থিত বিমানবন্দরটি আংশিকভাবে পুনরায় চালু করা হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দরটি খুলে দেওয়া হলেও এর পূর্ণমাত্রার কার্যক্রম বা স্বাভাবিক অপারেশন এখনও শুরু হয়নি। মেহের নিউজ জানিয়েছে, শনিবার থেকে প্রাথমিকভাবে ওমানের রাজধানী মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল শহর এবং সৌদি আরবের মদিনা শহরের উদ্দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মধ্য দিয়েই মূলত ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল ত্রিমুখী যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইরান নিজেদের আকাশসীমা ও সমস্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছিল।

এরপর টানা ৪০ দিন ভয়াবহ যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল ইরানে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২২ এপ্রিল সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, এর ঠিক আগের দিন ২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ৩ দিন পরই নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করলো ইরান।

সূত্র: আল জাজিরা

/এমএকে/