শিরোনাম

উত্তরাধিকার সূত্রে ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
উত্তরাধিকার সূত্রে ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: সিটিজেন গ্রাফিক্স

উত্তরাধিকার সূত্রে মায়ের রেখে যাওয়া প্রায় ১৮ কোটি টাকার শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিনটি কোম্পানি- মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু ফেব্রিকসের শেয়ার তার নামে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলো পৃথক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানানো হয়।

মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ মন্ত্রী আফরোজা খানমের মা। গত ১ মার্চ হুরন নাহার মারা যান। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে ওই তিন কোম্পানির শেয়ার কন্যা আফরোজা খানমের নামে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, হুরন নাহার রশিদের কাছ থেকে আফরোজা খানম মুন্নু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার পেয়েছেন।

হুরন নাহার রশিদ এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক ছিলেন। তার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে আফরোজা খানমকে মনোনীত করা হলে শেয়ারগুলো তার নামে স্থানান্তর করা হয়।

জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত আফরোজা খানম মুন্নু গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদ থেকে সরে আসেন। বর্তমানে ওই পদে দায়িত্ব পালন করছেন তার স্বামী মইনুল ইসলাম।

/জেএইচ/