শিরোনাম

আন্তর্জাতিক কনফারেন্সে জবি‌‌‌‌‌‌‌র প্রতিনিধিত্বে রসায়ন বিভাগের ৫ শিক্ষার্থী

জবি প্রতিনিধি
আন্তর্জাতিক কনফারেন্সে জবি‌‌‌‌‌‌‌র প্রতিনিধিত্বে রসায়ন বিভাগের ৫ শিক্ষার্থী
আন্তর্জাতিক কনফারেন্সে জবি‌‌‌‌‌‌‌র প্রতিনিধিত্বে রসায়ন বিভাগের ৫ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

কলকাতায় দ্বিতীয় আন্তর্জাতিক অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬ কনফারেন্সে বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ১৪তম ব্যাচের রসায়ন বিভাগের ৫ শিক্ষার্থী। সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

আগামী ১২-১৪ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এসিএমএস-২০২৬ কনফারেন্সে অংশ নেবেন তারা। প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা হলেন- অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। কনফারেন্সে তারা তাদের গবেষণাকর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করবেন।

এ উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করা অত্যন্ত আনন্দের। এটি শিক্ষার্থীদের জন্য যেমন বড় অর্জন, তেমনি বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়।

গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়া সত্যিই দারুণ একটি বিষয়। এ ধরনের গবেষণাভিত্তিক অংশগ্রহণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের ৫ শিক্ষার্থী ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবে। আশা করি ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এভাবে আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়ে বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে। শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার ও সহকারী অধ্যাপক ইলিয়াসের অবদানের প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের শিক্ষার্থীরা এই কনফারেন্সে ৪টি গবেষণাকর্ম উপস্থাপন করবেন। তাদের ভ্রমণ ভাতা ও সৌজন্য স্পন্সর প্রদান করেছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।

/এমএকে/