শিরোনাম

শেরপুর ও বগুড়ায় পুনঃনির্বাচনের দাবি জামায়াতের গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক
শেরপুর ও বগুড়ায় পুনঃনির্বাচনের দাবি জামায়াতের গোলাম পরওয়ারের
বায়তুল মোকাররমে সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতাকর্মী। ছবি: সিটিজেন জার্নাল

শেরপুর ও বগুড়ায় পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলবো আপনারা এই দুটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। এই নির্বাচনে একতরফাভাবে বিএনপির প্রার্থীরা কেন্দ্র দখল করে ভোট ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। এই দুই আসনে নির্বাচন আবারও দিতে হবে।

সমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল। ছবি: সিটিজেন জার্নাল
সমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল। ছবি: সিটিজেন জার্নাল

তিনি বলেন, জনগণের ইচ্ছা এবং রায়ের বিরুদ্ধে বিএনপি সরকার যে পথে এগোচ্ছে, এই পথ আপনাদের জন্য সর্বনাশা এবং অপরিণামদর্শী।

গণভোট ইস্যুতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির সেক্রেটারি জেনারেল বলেন, আপনি ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে যদি গণভোট বাতিল করতে চান, তাহলে বুঝতে হবে এটার নামই হচ্ছে প্রতারণা এবং দ্বিচারিতা।

বিএনপির সংসদ সদস্যের উদ্দেশে তিনি বলেন, আমরা অনুরোধ জানাবো সংবিধান সংস্কার সদস্য হিসেবে আপনারা চলমান সংসদে শপথ গ্রহণ করুন। প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রপতিকে অনুরোধ করুন, যাতে তিনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন। সেখানে গণভোটের রায় অনুযায়ী পুরো জুলাই সনদের সংস্কার প্রস্তাব উত্থাপিত হোক। আইন হিসেবে অনুমোদিত হোক। আমাদের সংবিধানের তফসিল আইন হিসেবে অন্তর্ভুক্ত হোক। তাহলে এই সংকটের নিরসন হবে। সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব শেষ হবে।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের আরও বহু নেতা উপস্থিত ছিলেন।

/এমএইচএম/জেএইচ/