শিরোনাম

নিয়ম না মানায় ৪ বাইকারকে জরিমানা

জামালপুর সংবাদদাতা
নিয়ম না মানায় ৪ বাইকারকে জরিমানা
ছবি: সংবাদদাতা

লাইন ভেঙে উল্টোপথে গিয়ে পেট্রোল নেওয়ার চেষ্টা করায় চার বাইকারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে ভ্রামমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

ভ্রামমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের বাইকার আসাদুজ্জামান, তিনআনীপাড়া গ্রামের আমিনুল ইসলাম, চন্দ্রবাজ গ্রামের মাজ্জাদ হোসেন ও ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের আবু রায়হান নির্দিষ্ট লাইন ছেড়ে উল্টোপথে প্রবেশ করে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে পেট্টোল নেওয়ার চেষ্টা করেন। এ কারণে পাম্পে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে ফিলিং স্টেশনে ভ্রামমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এ সময় চার বাইকারকে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, দণ্ডিত ব্যক্তিরা নিয়ম অমান্য করে পাম্পে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছিলেন। এর ফলে অন্য বাইকারদের তেল সরবারাহে বিঘ্ন ঘটছিল। এ কারণে আইনের আওতায় এনে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এসআর