শিরোনাম

রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকালে নিউ ইস্কাটনে অবস্থিত স্কুলটি পরিদর্শনে যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করেই স্কুলটি পরিদর্শন করেন। এ সময় শিশু-শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান তিনি। তাদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ছোট্ট শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়। কেউ কেউ ছুটে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে। কেউ আবার অটোগ্রাফ নিতে।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ক্লাসরুমে ঢুকেই শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পড়াশুনার পাশাপাশি শিশুদের খেলাধুলা করারও পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ মেলবন্ধন দেখে শিক্ষকরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

এর আগে, এদিন সকালে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/