শিরোনাম

নৌ-অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনা নয়: ইরানি দূত

সিটিজেন ডেস্ক
নৌ-অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনা নয়: ইরানি দূত
জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী বাহরেনি। ছবি: সংগৃহীত

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেনি জানিয়েছেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সাথে কোনো কূটনৈতিক আলোচনা হতে পারে না।

বিবিসি রেডিও ৪- এর ওয়ার্ল্ড অ্যাট ওয়ান অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বাহরেনি এ অবরোধকে যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, তেহরান কেবল প্রতিপক্ষকে নতুন কোনো আগ্রাসনের প্রস্তুতি নেওয়ার সময় দিতে আলোচনায় বসতে আগ্রহী নয়। তিনি স্পষ্ট করেন, যেকোনো কূটনৈতিক প্রক্রিয়াকে অবশ্যই আন্তরিক উদ্দেশ্য এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে পরিচালিত হতে হবে। অর্থপূর্ণ আলোচনার পূর্বশর্ত হিসেবে তিনি ইরানের অধিকারের স্বীকৃতি এবং যুক্তিসঙ্গত দাবিগুলো পূরণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলায় ইসলামী বিপ্লবের তৎকালীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনী এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা শহিদ হন। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে সপ্তাহব্যাপী ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত ১১ ও ১২ এপ্রিলের দুই দিনব্যাপী আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ইরানি প্রতিনিধিরা ওয়াশিংটনের প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/