শিরোনাম

ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বাড়ানো হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সংবাদদাতা
ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বাড়ানো হয়েছে: বাণিজ্যমন্ত্রী
‘বাসিয়া খাল’ খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। সামান্য এই মূল্য বৃদ্ধির কারণে পণ্যমূল্যে কেজি প্রতি মাত্র ৩০ পয়সার মতো প্রভাব পড়তে পারে। তবে এটি সামগ্রিক মূল্যস্ফীতিতে কোনো বড় নেতিবাচক প্রভাব ফেলবে না।’

শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক ‘বাসিয়া খাল’ খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজার থেকে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত জনগণের ওপর পড়বে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে সরকার।’

লোডশেডিং প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস। আমরা উত্তরাধিকার সূত্রে অনেক অব্যবস্থাপনা ও অরাজকতা লাভ করেছি, যা এখন মোকাবিলা করতে হচ্ছে।’

মন্ত্রী জানান, ‘দেশের বিদ্যুৎ উৎপাদন এখনও অনেকাংশে গ্যাস নির্ভর। দেশে বর্তমানে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। তবে চাহিদা পূরণে আরও ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হচ্ছে। প্রয়োজনীয় তহবিল থাকলেও কিছু কারিগরি সমস্যার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না। এতে লোডশেডিং বেড়েছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করছে সরকার। পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বৃদ্ধিতে নতুন টার্মিনাল নির্মাণের দরপত্র আহ্বান করা হচ্ছে।’

সৌদি আরব থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বৈশ্বিক পরিস্থিতিতে দেশ যাতে জিম্মি না হয়ে পড়ে, সে লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে নতুন স্টোরেজ বা সংরক্ষণাগার নির্মাণ করা হবে।’

খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী সঙ্গে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রমুখ।

/এফআর/